
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি লোকাল বাসে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সোমবার (৩১ আগস্ট) সকালে চকরিয়া থানাধীন বরইতলী ইউনিয়নের দরগাপাড়া এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সোনাইছড়ি ব্রিজ সংলগ্ন চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ সদর কোম্পানির একটি দল জানতে পারে, রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি চক্র বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রামগামী ‘ঈগল পরিবহন’ নামের একটি লোকাল বাসে তল্লাশির সময় দুই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৭০০ টাকা এবং যোগাযোগের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা হাফিজুল হক (২৪) ও মুর্শিদ আলম (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রোহিঙ্গা ক্যাম্পের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছিলেন বলে জানিয়েছে র্যাব।
উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।
মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।